প্রায় প্রতি ঈদেই সালমান খান তার ভক্তদের মুম্বাইয়ে তার বাড়ির বাইরে একঝলক দেখা দেন। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভক্তদের ভিড় দেখা যায় আর সেখান থেকে সালমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শনিবার সকাল থেকেই সালমানের আবাসনের বাইরে মানুষের ভিড় দেখা যায়। ভক্তরা তাদের প্রিয় ‘ভাইজান’কে ক্ষণিকের দেখার অপেক্ষায় দূর থেকে ছুটে এসেছেন। প্রতিবারের মতো এবারও ভক্তদের নিরাশ করেননি সালমান।
বাড়ির বারান্দা থেকে তিনি ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, এমনকি উড়ন্ত চুমুও ছুড়ে দিয়েছেন।
সাধারণত তাকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়, বিশেষ করে তার বাবা সেলিম খানের সঙ্গে। এবারও ভাইজানের সঙ্গে ছিলেন বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই সোহেল খান, দুই বোন অর্পিতা, আলভিরাসহ অনেকে। সেলিম এদিন পড়ন্ত বিকেলে হুইলচেয়ারে করে বাড়ির বারান্দায় এসেছিলেন।
কিছুদিন আগে সালমানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর থেকে সালমানের বারান্দায় বুলেটপ্রুফ কাচ বসানো হয়েছে। সেই কাচের আড়াল থেকেই এবারও তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। এদিকে সেলিম খান প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন, ঈদের কয়েক দিন আগে ছাড়া পান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটিই তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।