প্রথম তিন ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার (২৫ আগস্ট) অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ৪ ম্যাচের ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট আছে নর্দান টেরিটরি স্ট্রাইকার্সেরও। কিন্তু রান রেটে এগিয়ে শীর্ষে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি একাদশ। ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে অ্যাডিলেড।

অ্যাডিলেডের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি বাংলাদেশের দুই বোলার স্পিনার মোহাম্মদ রুবেল ও পেসার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার করে বল করে সাকলাইন ২১ রানে চারটি এবং রুবেল ৩০ রানে ৩ উইকেট নেন। ফর্মের তুঙ্গে থাকা রুবেল এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন।

অ্যাডিলেডের হয়ে থমাস কেলি সর্বোচ্চ ৩৮, হেনরি হান্ট ৩৫ ও নোয়া ম্যাকফাদিন ৩১ রান করেন।

জবাব দিতে নেমে প্রথম বলে ওপেনার জিশান আলমকে হারায় বাংলাদেশ এইচপি একাদশ। দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থায় নেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও তিন নম্বরে নামা আরিফুল ইসলাম।

সোহান ২৩ রানে ফেরার পর দ্রুত ফিরেন সাব্বির রহমান ও অধিনায়ক ইরফান শুক্কুর। সাব্বির ৬ ও শুক্কুর ৫ রান করেন।

৮৮ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৯ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন আরিফুল ও শামীম হোসেন। কিন্তু ১৮তম ওভারে ৩ ও ১৯তম ওভারে ২ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। এসময় মাত্র ৩ রানে ৫ উইকেট হারায় তারা। ফলে ১৩০ রানে নবম উইকেট পতন হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে না পারায় ম্যাচ হারে বাংলাদেশ।

৫ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬৬ রান করেও দলের হার এড়াতে পারেননি আরিফুল। শামীম করেন ১৮ রান।

ল্যাকলান ব্যাংস ২৯ রানে ৪ উইকেট শিকার করেন। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews