রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন। দুই দিনব্যাপী এই আয়োজনে রবীন্দ্রপদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে।
শুক্রবার সকাল ১০টায় ‘আমি মারের সাগর পাড়ি দেব’—এই বোধনসংগীতের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার।
বুধবার ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশ নিচ্ছেন। মূল অধিবেশনের আগে বৃহস্পতিবার সারা দেশের প্রায় চার শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব। শুক্রবার সকালে প্রতিযোগিতার কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের বার্ষিক অধিবেশন উপলক্ষে বরাবরের মতো রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে প্রবন্ধের সংকলন ‘সংগীত সংস্কৃতি’ প্রকাশিত হচ্ছে।
উৎসবের দুই দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও সংগীতের ডালি নিয়ে। এর মধ্যে প্রথম দিনের সান্ধ্যকালীন অধিবেশনে নজরুলসংগীতের একটি বিশেষ পর্ব রাখা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। পরিষদের সভাপতি মফিদুল হকের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেবেন অধ্যাপক কৃষ্টি হেফাজ, অধ্যাপক সন্তোষ ঢালি, ফেরদৌস আরা লিপি ও স্বতন্ত্রা বুলবুল।
সাংস্কৃতিক জাগরণের এই মহাযজ্ঞে রবীন্দ্রসংগীতের পাশাপাশি পরিষদের কার্যক্রমের নানা দিকও দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি