দীর্ঘদিনের টানাপোড়েন ‘ব্যান কালচার’ নিয়ে বিতর্ক আর শিল্পীদের কাজের সুযোগ ঘিরে টালিউডে যে অস্থিরতা তৈরি হয়েছিল। তার মধ্যেই নতুন বার্তা দিলেন টালিউড সুপারস্টার দেব। সব বিতর্ককে পেছনে ফেলে নিজের নতুন সিনেমা ‘দেশু ৭’ এর শুটিং শুরু করেছেন তিনি। আর এই ছবির মাধ্যমেই আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টালিউডের অন্দরের নানা দ্বন্দ্ব ও ব্যান কালচার নিয়ে গত কয়েক মাস ধরেই সরব ছিলেন দেব। বিশেষ করে অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতা দীর্ঘ সময় কাজের বাইরে থাকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। ‘রঘু ডাকাত’এ অনির্বাণের অভিনয়ে মুগ্ধ হয়ে দেব স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর পরবর্তী ছবি ‘দেশু ৭’এ অনির্বাণকে চাই-ই চাই। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নও করলেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে দেব লেখেন, ‘শুটিং মোড অন’। সেই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে অনির্বাণের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। অনেকেই মনে করছেন, টালিউডে নতুন এক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর টালিউডের বিভিন্ন সংগঠন ও শিল্পী মহলেও এসেছে পরিবর্তন। নতুন দায়িত্ব পেয়েছেন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। এই পরিবর্তনের আবহেই ‘দেশু ৭’ এর কাজ শুরু করলেন দেব। এর আগে ব্যান কালচার বন্ধের দাবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে দেবের ‘৭২ ঘণ্টার চ্যালেঞ্জ’ ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। সেই সময় অনেকেই দেবকে ‘সুবিধাবাদী’ বলেও কটাক্ষ করেছিলেন। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

এদিকে প্রসেনজিৎ প্রকাশ্যে জানিয়েছিলেন, সামাজিক মাধ্যমে কাউকে উদ্দেশ করে পোস্ট দেওয়ার আগে ব্যক্তিগতভাবে জানানো উচিত ছিল। তার ভাষায়, এই বিষয়টি ফেডারেশনের কাছে তোলা উচিত ছিল। পাবলিক ফোরামে ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব বিতর্কের পর অবশেষে ‘দেশু ৭’এর শুটিং শুরুর মধ্য দিয়ে যেন নিজের অবস্থান আরও শক্ত করলেন দেব। টালিউডের ব্যান কালচারের বিরুদ্ধে তাঁর এই অবস্থানকে অনেকেই দেখছেন এক ধরনের নৈতিক জয় হিসেবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews