সুপার এইটের লড়াই জমে উঠেছে শেষ মুহূর্তে। গ্রুপ ২ থেকে ইংল্যান্ড দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আর বাকি একটি টিকিটের জন্য অঙ্ক কষছে নিউজিল্যান্ড, পাকিস্তান।

শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আগেই ছিটকে গেছে। এখন নজর শুধু নিউজিল্যান্ড, পাকিস্তানের দিকে। দুই ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩। পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। ফলে সেমিফাইনালে উঠতে হলে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

সমীকরণ পরিষ্কার। নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। একই সঙ্গে ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান ৩। কিন্তু বাধা হয়ে দাঁড়াবে রানরেট। বর্তমানে পাকিস্তানের রানরেট ০.৪৬১, নিউজিল্যান্ডের ৩.০৫০। ব্যবধান ৩.৫১১।

পরিসংখ্যান নিয়ে কাজ করা পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক মাজহার আরশাদ একটি সম্ভাব্য হিসাব দিয়েছেন। তিনি জানান, ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড যদি ২০ রানে হারে, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করে পাকিস্তানকে অন্তত ৫০ রানের ব্যবধানে জিততে হবে। তবেই শেষ চারে উঠবে তারা।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ৫০ রানে হারায়, তাহলে শ্রীলঙ্কাকে অন্তত ২০ রানে হারালেই সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। আর যদি রান তাড়া করে জিততে হয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার দেওয়া লক্ষ্য ১৭.৫ ওভারের মধ্যেই ছুঁতে হবে।

তবে কোনো কারণে নিউজিল্যান্ড যদি পরের ম্যাচে জিতে যায়, তাহলে সব সমীকরণই অর্থহীন হয়ে যাবে। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হবে ইংল্যান্ড। আর পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে শেষ আট থেকেই।

এমনকি ইংল্যান্ড, নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও লাভ হবে না পাকিস্তানের। তখনও শেষ চারে ওঠার স্বপ্ন ভেঙে যাবে তাদের।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews