দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে মৃত্যু হয়েছে দু’জনের, বাকি ১৫ জনের শরীরে হামের উপসর্গ ছিল। এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১-এ দাঁড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১২ শিশুই ঢাকা বিভাগের আর ৫টি শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে, ১ হাজার ৩০২ শিশুর। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১৮ জন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১৬৮ এবং বরিশাল বিভাগে ১৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ৮ বিভাগে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়। দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৮৪২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৫ হাজার ১৫১ জন। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১২৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছে ৭০ জন।
এদিকে হামের বাড়তি চাপ সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফিল্ড হাসপাতাল নির্মাণের কাজ চলছে। হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনের পাশে ২০ শয্যার এই ফিল্ড হাসপাতালটি স্থাপন করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে এই ফিল্ড হাসপাতালটি তৈরি করা হচ্ছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশ পেলেই এটা পুরোদমে চালু করবো।
তিনি আরও বলেন, এখানে এসি, নন এসি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা শুধু এটি তৈরি করে দিবেন। আর চিকিৎসাসেবা দিবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এখানে হাম রোগীর পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।