ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ তারকারাও ভোটের উৎসবে শামিল হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন ছোট ও বড় পর্দার অনেক তারকাকেই ভোট প্রদান শেষে নিজেদের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা গেছে। এদিন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। তিনি জানান, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলেন। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।
ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও ভালো পরিবেশ পেয়েছিলাম।’ কথা বলার এক পর্যায়ে অভিনেত্রী আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে বলে আশা করছি।’
আরও পড়ুন
আরও পড়ুন আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

নতুন সরকারের কাছে তার প্রত্যাশা কী সে প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রয়োজন। প্রতি সরকারই আশ্বাস দেয় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয় না। কোনো সরকার স্পষ্ট করে বলেনি যে চলচ্চিত্রের উন্নয়ন করবে। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করুক।’
উল্লেখ্য, সামনে এই অভিনেত্রীর ঢালিউডে চারটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে। এছাড়া বলিউডের একটি সিনেমায়ও তাকে দেখা যেতে পারে।