হেক্সা মিশনে আরো একবার মুখ থুবড়ে পড়ল ব্রাজিল। আবারো খালি হাতে বিদায় নিল সেলেসাওরা। এবার পৌঁছাতে পারেনি কোয়ার্টার ফাইনালেও। নরওয়ের কাছে হেরে শেষ ষোলোতেই থেমেছে তাদের দৌঁড়।
তাতেই ফিরে এলো ৩৬ বছর আগের দুঃসহ স্মৃতি। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার-ফাইনালের আগেই বিদায় নিলো ব্রাজিল। সেই বিশ্বকাপে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনার কাছে।
এরপর সব আসরেই অন্তত কোয়ার্টার-ফাইনাল খেলেছে সেলেসাওরা। এর মাঝে ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপাও ঘরে তুলেছিল তারা। আর এবার তাদের আটকে দিল নরওয়ে।
একইসাথে আরো দীর্ঘ হলো শিরোপা খরা। ২০০২ সালে নিজেদের পঞ্চম ট্রফি ঘরে তুলেছিল ব্রাজিল। এরপর থেকে আর সাফল্যের মুখ দেখছে না সেলেসাওরা।
অপেক্ষা এখন এতোটাই বেড়েছে যে, নিজেদের ইতিহাসেরই সর্বোচ্চ সময়ে পৌঁছে গেছে সেটি। আগে কখনো শিরোপা জয়ের জন্য ব্রাজিলকে এতো বড় সময় অপেক্ষা করতে হয়নি।
২০৩০ সালে অপেক্ষা ঘোচালেও শিরোপাহীন থাকার রেকর্ডটা পৌঁছাবে ২৮ বছরে! নয়তো আরো বাড়বে। এর আগে সর্বোচ্চ অপেক্ষা ছিল ২৪ বছরের। ১৯৭০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত শিরোপা খরায় ছিল ব্রাজিল।
১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরুর পর ১৯৫৮ সালে প্রথম চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মাঝে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।
এরপর ১৯৬২ ও ১৯৭০ সালেও চ্যাম্পিয়ন হয়ে তৎকালীন জুলে রিমে ট্রফি স্থায়ীভাবেই নিজেদের করে নেয় ব্রাজিল। তবে এরপর শুরু হয় তাদের দীর্ঘ অপেক্ষা। যা শেষ হয় ১৯৯৪ সালে।
এতদিন পর্যন্ত সেটিই ছিল ব্রাজিলের সর্বোচ্চ ট্রফিবিহীন সময়। এরপর ২০০২ সালেও চ্যাম্পিয়ন হয়ে পাঁচ শিরোপার মালিক হয় তারা।
কিন্তু ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে গিয়ে যেন ইউরোপিয়ান অভিশাপের মুখে পড়েছে ব্রাজিল। কেননা গত ছয় আসরের প্রতিবারই ইউরোপীয় প্রতিপক্ষের কাছে হেরেই বিদায় নিয়েছে তারা।