গত ১২ মার্চ তারেক রহমানকে লেখা এই চিঠি সিপিজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সিপিজের সঙ্গে এ চিঠিতে যুক্ত সংগঠনগুলো হলো আর্টিকেল ১৯, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, এফআইডিএইচ, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট অ্যান্ড এথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।
এ চিঠি প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের নতুন সরকারপ্রধানের উদ্দেশে লেখা হয়েছে, ‘আমরা সাম্প্রতিক নির্বাচনে আপনার বিজয়ের পর এ চিঠি লিখছি। আপনি নিজেই বলেছেন, “এখন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ এসেছে।” তাই আপনার উদ্যোগগুলো বহু বছর ধরে বাংলাদেশে মানুষের অধিকারের ওপর গভীর প্রভাব ফেলবে।’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কিছু জরুরি চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এ চিঠি বলে ৯টি সংগঠনের পক্ষ থেকে বলা হয়।