ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চলমান আলোচনার মধ্যে শুক্রবার হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, ট্রাম্পের সব শর্ত পূরণ না হলে কোনো চুক্তি হবে না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেবল সেই চুক্তিই করবেন যা আমেরিকার জন্য ভালো এবং তার নির্ধারিত শর্ত পূরণ করে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’ এর আগে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছিল, ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি আছেন। 

তবে তেহরান জানিয়েছে, এখনো ‘কোনো চূড়ান্ত চুক্তি’ হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পের বক্তব্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক খণ্ডন করেছে। সূত্রগুলো তার মন্তব্যকে ‘সত্য ও মিথ্যার মিশেল’ বলে অভিহিত করেছে।

শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দুই ঘণ্টার বৈঠকে অংশ নিয়েছেন। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে বলেছেন, তেহরান হরমুজ প্রণালি থেকে মাইন সরিয়ে নেবে এবং ‘কোনো টোল ছাড়াই’ এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে তার অবরোধ তুলে নেবে। দুই দেশ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো ও ধ্বংস করার বিষয়েও সমন্বয় করবে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ বিনিময় হবে না।’

তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান আলোচনার পরের ধাপে যাওয়ার আগে ‘জব্দ করে রাখা ১,২০০ কোটি ডলার ইরানি সম্পদের তাৎক্ষণিক মুক্তি’ চাইছে। টোলমুক্ত হরমুজ খোলার বিষয়ে সূত্রগুলো বলছে, ‘চুক্তির কোনো লেখায় এমন কোনো ধারা নেই।’ আর ইরানের পারমাণবিক উপকরণ ধ্বংসের বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে ‘একেবারে ভিত্তিহীন’ বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ৪৭ বছর আগেই ‘অবশ্যই করতে হবে’ ভাষাকে বিদায় বলেছে।’ তিনি জানিয়েছেন, বার্তা আদান-প্রদান চলছে, কিন্তু ‘এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমিরের সঙ্গে এক ফোনালাপে বলেছেন, ইরান যুদ্ধ শেষ করতে একটি ‘সম্মানজনক কাঠামো’ পেতে প্রস্তুত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews