চলতি বছরে মাঠে গড়াচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফলে ক্ষতির মুখে পড়েছিল ক্রিকেটাররা। তাই বিপিএল ছাড়ায় ক্রিকেটারদের ৩০-৩৫ লাখ টাকা আয়ের ব্যবস্থা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বৈঠকে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। এতে একজন খেলোয়াড় শুধু ঘরোয়া লিগ খেলে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।
বিসিবি সভাপতি বলছিলেন, কোয়াবের সঙ্গে দুটি মিটিং হয়েছে। তারা একটা প্রস্তাব দেয় আমরা কাউন্টার প্রস্তাব দেই। পরে আমরা আবার বসি। এরপর সময় চাই যেন আমাদের নিজেদের মিটিংটা করে নিতে পারি। এখানে আসার আগে কোয়াবের সিনিয়রদের সঙ্গে আলাপ করেছি। সবাই অনেক খুশি। একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের পুরো সিজন খেললে বছরে ৩৫-৪০ লাখ টাকা করে পাবে।'
তামিম আরও বলেন, আমরা এখানে ক্রিকেটারদের সার্ভ করার জন্য এসেছি। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং ভালো হওয়া দরকার। কারণ অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নাই।
তিনি আরও বলেন, আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলেছি তাদের সঙ্গে। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য আমার যেটা করা দরকার হবে আমি তাই করব। ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়ারই দরকার।
আরটিভি/এসআর
আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন