‌‌‌‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, বিভিন্নভাবে প্রশ্ন তোলা হচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। তাদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত।’

রোববার (২২ মার্চ) চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন। নগরের কে বি কনভেনশন হলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকালে সনাতনী, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। এতে পোলাও, খাসি ভুনা, মুরগির রোস্ট, মাছসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন থানা-ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং দেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। মানুষ এখন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাব।

তিনি এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমআরএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews