ফেব্রুয়ারিতে কারা হেফাজতে ১৩ জনের মৃত্যু

মৃতদের ৫ জনই কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের

ফেব্রুয়ারিতে কারা হেফাজতে ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ৭:০৭ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে হেফাজতে ১৩ জন এবং গণপিটুনিতে ১৮ জনসহ দেশে মোট ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। কারাগারে মৃত ১৩ জনের মধ্যে ৪ জন কয়েদি এবং ৯ জন হাজতি ছিলেন। মৃত হাজতিদের মধ্যে ৫ জনই ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মী।

গতকাল শনিবার ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন দেয় এমএসএফ। প্রতিষ্ঠানটি কয়েকটি সংবাদপত্র এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩ জন কয়েদি ও বগুড়া জেলা কারাগারে ১ জন কয়েদি মারা যান। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪ জন, এ ছাড়া চট্টগ্রাম জেলা কারাগারে, কুষ্টিয়া জেলা কারাগারে, ঠাকুরগাঁও জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারে ও পটুয়াখালী জেলা কারাগারে ১ জন করে হাজতি বন্দী মারা যান। হাজতি মৃত্যুর ঘটনায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও কুষ্টিয়া জেলা কারাগারে ১ জন করে মোট ২ জন হাজতি কারা অভ্যন্তরে আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী বন্দী ছাড়া সব বন্দীর মৃত্যু হয় কারাগারের বাইরের হাসপাতালে।

অন্যদিকে, মাসজুড়ে অন্তত ৩১টি গণপিটুনির ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চুরির অভিযোগে ৭ জন, ছিনতাইয়ের অভিযোগে ৪ জন, মাদক ব্যবসার অভিযোগে ১ জন এবং তুচ্ছ বাগ্‌বিতণ্ডার জেরে ৫ জনকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা ও গণভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ৫ জন (যার মধ্যে শিশুও রয়েছে) প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থান থেকে শিশু ও নারীসহ মোট ৫৪টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এমএসএফ মনে করে, গণপিটুনি ও হেফাজতে মৃত্যুর এসব ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। সংগঠনটি এসব মৃত্যুর সঠিক তদন্ত, দোষীদের বিচার এবং কারাগারের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছে।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews