সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। টানা বর্ষণের কারণে টিলা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

অতিভারী বৃষ্টির কারণে সিলেটের নিচু এলাকায় জলাবদ্ধতা এবং টিলা ও পাহাড়সংলগ্ন এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে দক্ষিণ ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগর, সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ বিভিন্ন উপজেলার টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছেন। প্রতিবছর বর্ষা মৌসুমে টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ এখনো সীমিত।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে সিলেট নগরের মেজরটিলা এলাকার চামলিবাগে টিলা ধসে একই পরিবারের তিন সদস্য নিহত হন। এছাড়া ২০১২ সালে উচ্চ আদালত টিলা ও পাহাড়ের ওপর এবং পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনের নির্দেশনা দিলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews