যুক্তরাষ্ট্রে আগামি রবিবার স্থানীয় সময় রাতে বসছে ৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। অস্কার নিয়ে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই এলো এক বিশেষ সতর্ক বার্তা!

বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবার বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা জারি করেছে বলে জানা গেছে।

তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বা নিশ্চিত হুমকির তথ্য পাওয়া যায়নি।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজন হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকা, নির্মাতা ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতির কারণে অনুষ্ঠানটিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতার কারণে অস্কার আয়োজনে এ বছর স্বাভাবিক নিয়মের তুলনায় অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় থাকবে কঠোর নজরদারি। পুলিশ, বেসরকারি নিরাপত্তা সংস্থা এবং ফেডারেল এজেন্সিগুলো যৌথভাবে নিরাপত্তা তদারকি করবে। এছাড়া উন্নত প্রযুক্তির নজরদারি ব্যবস্থা, ড্রোন পর্যবেক্ষণ ব্যবস্থা, বিশেষ ভিড় নিয়ন্ত্রণ পরিকল্পনা, বহুমাত্রিক নিরাপত্তা চেকপয়েন্ট-এর মাধ্যমে অতিথি, শিল্পী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

অস্কারের নির্বাহী প্রযোজক রাজ কাপুর নিরাপত্তা সংক্রান্ত খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা থাকলেও অনুষ্ঠানকে ঘিরে কোনো সরাসরি হুমকি পাওয়া যায়নি। বড় আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের সময় এমন নিরাপত্তা পরিকল্পনা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা আরও সতর্কভাবে প্রস্তুতি নিচ্ছি। অতিথি, শিল্পী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান সংঘাতের জেরে ড্রোন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এসব বাড়তি ব্যবস্থা মূলত সতর্কতামূলক পদক্ষেপ- কোনো নির্দিষ্ট হামলার তথ্যের ভিত্তিতে নয়। দ্য হিন্দু



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews