জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আরও তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ছিদ্দিক আজাদ।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ আদেশের তথ্য দিয়েছেন।
গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে দেলোয়ার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। এরপর ৩১ মার্চ তার আরও ৬ দিনের রিমান্ড হয়।
দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে সোমবার শেখ মামুন খালেদকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন।
আবেদনে বলা হয়, মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্ত কাজে সহায়ক হবে। তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এমন অবস্থায় আসামির দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করার জন্য ৪ দিনের রিমান্ডের প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও জামাল উদ্দিন মারজিন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানির পর আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ আসে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।