ঢাকা, ২৮ মার্চ – স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকায়।

পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। পূর্বের দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বহাল রাখা হয়েছে।

এস এম/ ২৮ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews