ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফাহমিদা হক সংসদে দেওয়া নিজের প্রথম বাজেট বক্তৃতা সংসদ লাইব্রেরিতে লিখিত আকারে সংরক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি সংসদ ভবনের লাইব্রেরি, প্রথম বাজেট বক্তৃতার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘নশ্বর জীবনের মানে, ভালো কোথাও নিজের নামটি লিখে রেখে যাওয়া! বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর লাইব্রেরি রয়েছে সংসদ ভবনের ভেতরে! মন ভালো করার মতো একটি লাইব্রেরি!

সময় পেলেই বইয়ের গন্ধ নিতে আমিও যাই এই লাইব্রেরিতে, এটা সেটা দেখতে দেখতে একদিন দেখলাম বিখ্যাত সব বিভিন্ন সময়ের পার্লামেন্টের সংসদ সদস্যদের বক্তৃতা লিপিবদ্ধ করে রাখা আছে! মনের অজান্তে আফসোস, ইস যদি কোনদিন নিজের নামটা ভালো কোথাও লিখে যেতে পারতাম! পরক্ষণেই মনে হলো উনাদের মতো হওয়া সেতো কেবলই আমার কল্পনা!

সমস্যা হলো আমি তো কোনোদিন চিন্তা করিনি, সুন্দর করে কথা বলে মানুষের মন জয় করবো, আমার বাবা আমাদের শিখিয়েছে পারলে মানুষের জন্য কিছু করো, তবে তা না পারলেও কোনদিন কারো ক্ষতির কারণ হইও না! শাশুড়ি বলতেন, কারো জন্য কিছু করলে তার প্রতিদান আশা করো না! প্রতিদান দিতে পারেন একমাত্র আল্লাহ! আমি চেষ্টা করি উনারা না থাকলেও এই দুজন মানুষের সব কথা কাজ মাথায় নিয়ে তাদের দেখানো পথে চলতে!

রাজনীতিতে এসে শিখলাম হাজার হাজার মানুষকে মুগ্ধ করার এক অসাধারণ যাদু আছে তা হলো সুন্দর বক্তৃতা প্রদান! মানুষকে পড়তে পারার এই ক্ষমতা সবাই অর্জন করতে পারে না। যারা পেরেছে তারা সত্যি প্রশংসার যোগ্য! তারা অসাধারণ!

আরও পড়ুন

আরও পড়ুন

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

জীবনের প্রথম সংসদে বাজেট বক্তৃতার জন্য নাম দেওয়া হয়েছে জানানো হলো বক্তৃতা দেওয়ার ৩০ মিনিট আগে! আমি ভেবেছিলাম আরো তিনদিন পর ১৯ তারিখ বক্তব্য রাখবো! কিন্তু হুইপ মহোদয় যেই সিদ্ধান্ত দেন সেটা মানতে আমি বাধ্য, মোটামুটি ৭/৮ মিনিটের বক্তব্য রেডি করে ভয়ে ভয়ে এতোগুলো সিনিয়রদের সামনে দাঁড়িয়ে গেলাম, মাথা সোজা করে চোখ মেলে তাকালে সোজা স্পিকারের চেয়ার, পাশে থাকা মুন্নি আপা সাহস দিয়ে বললো, তুমি কারো দিকে না, নিচে তাকিয়ে বলবা, তাইলে আর নার্ভাস লাগবে না! যাই হোক, ভুল না বলা আর সময়ের মধ্যে শেষ করার চিন্তা মাথায় রেখেই জীবনের প্রথম বাজেট বক্তৃতা শেষ হলো!

সঙ্গে সঙ্গেই অনুপ্রেরণা আর সাহস পেলাম অনেক বড় একজন মানুষের কাছে থেকে, ছোট্ট একখান হাতে লেখা কাগজের টুকরোর মাধ্যমে! (চিফ হুইপের লেখা চিরকুট) মনে মনে শুকরিয়া করেছি মহান আল্লাহর নামে!

তারপরে ভালো মন্দ মিলিয়ে কেবল ই কান পেতে শুনি! আর খারাপ ভালোরে আলাদা করি! জীবনে সবাইকে দরকার।

কিছুদিন আগে সাদা খামে চিঠি এলো, আমার দেওয়া বাজেট বক্তৃতা লিখিত আকারে সংরক্ষিত করা হবে, আমি যেন সেটার ভুল ত্রুটি থাকলে চেক করে সাইন করে দিই। সাইন করতে করতে মনে মনে বলেছি, আজি হতে শতবর্ষ পরে কেউ না কেউ চাইলেই আমাকে পড়তে পারবে, পড়বে, আমাকে না দেখলেও দেখবে আমার মুখের কথা, আমার চাওয়া পাওয়ার বক্তব্য!

আমি আমার দেওয়া বক্তব্য শুনে মোটেও পুরোপুরি সন্তুষ্ট না, কিন্তু জীবনের প্রথম দেওয়া বক্তৃতা এমন কোথাও লিখা থাকবে এটা শুনে সত্যিই শুকরিয়া করে বলছি, ইনশাআল্লাহ যাদের কাছে পাওয়া অনুপ্রেরণা, উৎসাহ আর অফুরন্ত সাহসের কারণে আজ আমি এখানে তাদের আমি আশাহত করবো না! একদিন আমি ও হয়তো ,,,,,,,।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews