রিয়াদ, ৯ মার্চ – সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামিক দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অত্যন্ত জঘন্য বলে আখ্যায়িত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলাই এর প্রধান লক্ষ্য। এটিকে আন্তর্জাতিক সনদ এবং আইনের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে হামলার পক্ষে ইরানের দেওয়া যুক্তিও পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরান এর আগে দাবি করেছিল যে সৌদি আরব নিজেদের ভূখণ্ড থেকে যুদ্ধের জন্য যুদ্ধবিমান পরিচালনা এবং আকাশে জ্বালানি সরবরাহের অনুমতি দিয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ব্যাখ্যা অনুযায়ী সংশ্লিষ্ট বিমানগুলো মূলত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে নিজেদের এবং জিসিসিভুক্ত দেশগুলোর আকাশসীমা রক্ষায় টহল দিচ্ছিল। সৌদি আরব সতর্ক করে জানিয়েছে যে ইরানের এই ধরনের হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
এর ফলে বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে ইরান বর্তমানে যে ধরনের আচরণ করছে তা কোনোভাবেই প্রজ্ঞার পরিচয় বহন করে না। বরং উত্তেজনার এই চক্র অব্যাহত থাকলে ইরান নিজেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ইরান থেকে নিক্ষেপ করা চারটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এই ড্রোনগুলো রাব আল-খালি মরুভূমিতে অবস্থিত শাইবা তেলক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল।
এস এম/ ৯ মার্চ ২০২৬