টরন্টো বাংলা পাড়া ক্লাব, সংক্ষেপে TBPC। এটি কানাডায় জন্ম নেওয়া বা বেড়ে ওঠা একদল উদ্যমী তরুণের সামাজিক উদ্যোগ। প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটির লক্ষ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় তথ্য ও সহায়তার একটি সহজ নেটওয়ার্ক তৈরি করা। সময়ের সঙ্গে তাদের কার্যক্রমের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে খেলাধুলা, বিশেষ করে ফুটবল। এই ফুটবল আয়োজনই আজ TBPC কে কমিউনিটির কাছে আরও পরিচিত ও আকর্ষণীয় করে তুলেছে। মাঠের প্রতিযোগিতা থেকে তারা শিখেছে নেতৃত্ব, শৃঙ্খলা, সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার শক্তি। কানাডার বহুসাংস্কৃতিক সমাজে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাদের ফুটবলকে শুধু বিনোদন হিসেবে নয়, বরং সামাজিক সংযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে ভাবতে শিখিয়েছে। সেই ভাবনা থেকেই ফুটবলকে কেন্দ্র করে তারা টরন্টো থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলেছে।
২০২০ সালে কোভিড ১৯ মহামারীর কঠিন সময়ে টরন্টো বাংলা পাড়া ক্লাবের যাত্রা শুরু হয়। তখন অনেক পরিবার কাজ, স্বাস্থ্য, বাসস্থান ও প্রয়োজনীয় তথ্যের অভাবে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিল। সেই সময় বাংলাদেশি কমিউনিটির মানুষকে সহায়তা করার লক্ষ্য নিয়ে কয়েকজন তরুণ এই উদ্যোগ শুরু করেন। শুরুতে এটি ছিল সীমিত পরিসরের একটি সামাজিক উদ্যোগ। সময়ের সঙ্গে সেই উদ্যোগই একটি কার্যকর সহায়তা নেটওয়ার্কে পরিণত হয়েছে।
বর্তমানে টরন্টো বাংলা পাড়া ক্লাবের একটি সক্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে প্রায় ৫০০ সদস্য নিয়মিত তথ্য, পরামর্শ ও সহযোগিতা আদান প্রদান করেন। কেউ বাসা খোঁজেন, কেউ চাকরির খোঁজ জানতে চান, কেউ কানাডার দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে দিকনির্দেশনা চান। বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য এই গ্রুপ অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও বাস্তব সহায়তার একটি সহজ জায়গা হয়ে ওঠে। সদস্যদের পারস্পরিক সহযোগিতাই TBPC কে একটি মানবিক নেটওয়ার্ক হিসেবে শক্তিশালী করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. আর. মো আজিজের উদ্যোগে ২০২২ সালে TBPC এর বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এটি বাংলাদেশি কমিউনিটির একটি জনপ্রিয় ক্রীড়া আয়োজনে পরিণত হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশ নেয়, যদিও অংশগ্রহণকারীদের বড় অংশ আসে গ্রেটার টরন্টো এরিয়া থেকে। মাঠের প্রতিযোগিতা, দর্শকদের উপস্থিতি এবং তরুণদের অংশগ্রহণ এই আয়োজনকে প্রতি বছর আরও প্রাণবন্ত করে তুলছে। এই পথচলায় সহপ্রতিষ্ঠাতা ও অ্যাডমিন শরীফ আলীসহ সংগঠনের সক্রিয় সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং তরুণদের মিলন, পরিচয় ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরিসরে পরিণত হচ্ছে।
টরন্টো বাংলা পাড়া ক্লাবের গল্প তাই শুধু একটি ক্রীড়া সংগঠনের গল্প নয়। এটি কানাডায় বেড়ে ওঠা একদল তরুণের দায়িত্ববোধ, বন্ধুত্ব, নেতৃত্ব এবং সামাজিক অংশগ্রহণের গল্প। ফুটবলকে কেন্দ্র করে তারা যে নেটওয়ার্ক তৈরি করেছে, তা এখন সহায়তা, শিক্ষা ও দাতব্য কাজেও ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে TBPC আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য আরও বড় সামাজিক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
এনএন/ ০৯ জুন ২০২৬