রাতে ফল খাওয়া নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। কেউ মনে করেন, রাতের বেলা ফল খাওয়া একেবারেই উচিত নয়। আবার কেউ বলেন, ফল তো স্বাস্থ্যকর। তাই যেকোনো সময় খাওয়া যায়। আসলে সত্যিটা মাঝামাঝি। ফল খাওয়ার নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সময় না থাকলেও, কিছু ফল রাতে খেলে বিশেষ করে সংবেদনশীল পেটের মানুষের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে।

পুষ্টিবিদদের মতে, রাতে ফল খেলে শরীরের বড় কোনো ক্ষতি হয়-এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে যাদের গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা বা বদহজমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু ফল সমস্যা বাড়াতে পারে। তাই ফল বাছাই এবং সময় নির্বাচন গুরুত্বপূর্ণ।

টক ফল
কমলা, মাল্টা, লেবু বা জাম্বুরায় প্রচুর ভিটামিন সি থাকে। এগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। কিন্তু রাতে এসব টক ফল খেলে অনেকের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষ করে রাতের খাবারের পর টক ফল খেলে বুক জ্বালা বা অস্বস্তি অনুভূত হতে পারে। তাই যাদের এ ধরনের সমস্যা আছে, তারা সন্ধ্যার পর টক ফল এড়িয়ে চলাই ভালো।

আপেল
একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে প্রচুর আঁশ বা ফাইবার রয়েছে, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। তবে রাতে আপেল খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপা বা বুক জ্বালার সমস্যা দেখা দিতে পারে। কারণ ফাইবার হজম হতে কিছুটা সময় নেয়। তাই আপেল খাওয়ার উত্তম সময় সকাল বা দুপুরের মাঝামাঝি।

আনারস
সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হলেও এটি তুলনামূলকভাবে অ্যাসিডিক ফল। রাতে আনারস খেলে অনেকের বদহজম, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য রাতের বেলা আনারস খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

তরমুজ
গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে ও পানির ঘাটতি পূরণে খুব উপকারী। এতে প্রচুর পানি থাকে। তবে রাতে তরমুজ বেশি খেলে ঘন ঘন প্রস্রাবের চাপ তৈরি হতে পারে, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া অতিরিক্ত খেলে পেট ফাঁপা বা হালকা হজমের সমস্যাও
দেখা দিতে পারে।

রাতে ফল খেলে ক্ষতি হয় কি?

ফল খাওয়ার সময়
সাধারণত ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝামাঝি অথবা লাঞ্চ ও সন্ধ্যার নাস্তার মাঝের সময় ফল খাওয়া সবচেয়ে উপকারী। একেবারে খালি পেটে বেশি পরিমাণ ফল খাওয়া ঠিক নয়, আবার ভারী খাবারের পরপরই ফল খাওয়াও ভালো নয়। এতে হজমে সমস্যা হতে পারে এবং পুষ্টি উপাদান ঠিকভাবে শোষিত নাও হতে পারে।

রাতে ফল খাওয়া পুরোপুরি নিষিদ্ধ নয়। তবে নিজের শারীরিক অবস্থা বুঝে ফল নির্বাচন করা জরুরি। যাদের গ্যাস বা অ্যাসিডিটির প্রবণতা আছে, তারা রাতে টক ফল, আনারস, আপেল বা তরমুজ এড়িয়ে চলতে পারেন। আর যাদের এমন সমস্যা নেই, তারা পরিমিত পরিমাণে ফল খেতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, হেলথ শটস, মায়ো ক্লিনিক

আরও পড়ুন:
রাতে যে ফলের রস পান করলে সকালে গলায় আরাম পাবেন
রাতে ভালো ঘুমের জন্য পান করুন ভেষজ চা

এসএকেওয়াই/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews