ফাইনাল খেলবে কোন দুই দল জানাল সুপার কম্পি‌উটার

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৪৮ দল থেকে এখন লড়াই নেমে এসেছে শেষ ৩২ দলে। নকআউট পর্বের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ায় সম্ভাব্য পথও অনেকটাই পরিষ্কার।

এমন পরিস্থিতিতে নতুন করে শিরোপা জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা।

নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল অপটার সুপারকম্পিউটার। সেই পূর্বাভাস বাস্তবেও মিলেছে। এরপর প্রকাশিত নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে রয়েছে ফ্রান্স।

অপটার হিসাব অনুযায়ী, ফ্রান্সের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।

তবে নকআউটের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে পৌঁছানোর সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে জয়ের সম্ভাবনা ৮৯.২ শতাংশ দেখিয়েছে সুপারকম্পিউটার। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ যা সব দলের মধ্যে সর্বোচ্চ।

অর্থাৎ, অপটার বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ফ্রান্সের চেয়ে বেশি। তবে ফাইনালে শিরোপা জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭ শতাংশ) এবং ব্রাজিল (৬.৫ শতাংশ)।

অন্যদিকে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। এছাড়া কলম্বিয়া (৩.২ শতাংশ), নরওয়ে (৩ শতাংশ), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫ শতাংশ) এবং সুইজারল্যান্ডের (২.২ শতাংশ) সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না সুপারকম্পিউটার।

তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ, আর এশিয়ার প্রতিনিধি জাপানের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

তবে অপটা নিজেও মনে করিয়ে দিয়েছে, এসব পূর্বাভাস কেবল গাণিতিক মডেল ও পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি। ফুটবলে একটি ম্যাচের ৯০ মিনিটেই বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। তাই মাঠের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে উঠবে ফাইনালে, আর কার হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি।

পূর্বকোণ/আদর 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews