মেক্সিকোতে রোববার (৩০ আগস্ট) রাতে থানার সামনে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাকাতেকাস অঙ্গরাজ্যের মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত ওহোকালিয়েন্তে শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজ্য সরকারের সচিব রদ্রিগো রেইয়েস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, ‘একটি ব্যক্তিগত গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। বিস্ফোরণে থানার এবং আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে দেয়া এক পোস্টে তিনি জানান, ‘ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেক্সিকোর মধ্যাঞ্চলের সাথে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ স্থাপনের কারণে জাকাতেকাস মাদক পাচারের জন্য কুখ্যাত এলাকা। এই রাজ্যের বিভিন্ন পথ ব্যবহার করে কোকেনসহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।

বছরের পর বছর জাকাতেকাসে ভয়াবহ মাদক-সহিংসতা চলেছে। প্রায় প্রতিদিনই সেখানে লাশ উদ্ধার এবং মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটত। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

তবে চলতি জুলাইয়ে ওহোকালিয়েন্তে থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দূরের পোজোস দে গামবোয়া শহরের একটি সেতু থেকে পাঁচটি লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে সাবেক এক মেয়র, সরকারি কর্মকর্তা এবং রাজ্যের অন্যান্য এলাকার কয়েকজন ব্যবসায়ী ছিলেন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews