দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরির জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়। একসময় দিনে মাত্র ২০ রুপি মজুরিতে দিনমজুরের কাজ করা এই অভিনেতাই এখন তামিল চলচ্চিত্রের পরিচিত মুখ। শোনা যাচ্ছে, আসন্ন একটি সিনেমার জন্য প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি।

১৯৯৩ সালে তামিলনাড়ুর তিরুপুরে বন্ধুদের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করতেন সুরি। সপ্তাহে ১৪০ রুপি আয় করতেন তিনি, যার অর্ধেকই পরিবারের কাছে পাঠাতে হতো। এমনও সময় গেছে, অর্থের অভাবে খাবার কিনতে না পেরে শুধু চা খেয়েই দিন কাটাতে হয়েছে তাকে।

সিনেমার প্রতি আগ্রহ থেকেই পরবর্তী সময়ে অভিনয়ের সুযোগ খুঁজতে শুরু করেন সুরি। নব্বইয়ের দশকের শেষদিকে তিনি চলচ্চিত্রে কাজের জন্য পাড়ি জমান। অভিনয়ের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য দেয়াল রং করার কাজও করতেন।

২০০৯ সালে ‘ভেনিলা কাবাডি কুজু’ সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে নজরে আসেন তিনি। এরপর ‘পারোট্টা সুরি’ নামে পরিচিতি পান। তবে সাফল্যের পথটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে অপমানজনক পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে তাকে।

দীর্ঘদিন পার্শ্বচরিত্র ও কৌতুকাভিনেতা হিসেবে কাজ করার পর ২০২৩ সালে আসে বড় সুযোগ। ভেট্রি মারানের ‘ভিদুথালাই: পার্ট ১’ সিনেমায় প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন সুরি। সিনেমাটির সাফল্যের পর তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে এবং তিনি মূলধারার নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান।

এরপর ‘ভিদুথালাই: পার্ট ২’, ‘গারুদান’ ও ‘মামান’সহ একাধিক সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করে। ধারাবাহিক সাফল্যের পর এবার তার পারিশ্রমিকও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জানা গেছে, ‘ইন্ড্রু নেট্রু নালাই’ ও ‘আয়ালান’খ্যাত পরিচালক রবিকুমারের নতুন সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

দিনমজুরের কাজ থেকে শুরু করে দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত নায়ক হয়ে ওঠার সুরির এই পথচলা তাই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews