ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মিয়া।
সভায় একেএম ভিপি মুসা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি নিরাপদ সমাজ গড়তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ওসি মো. ইয়াসিন মিয়া বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না বলেও তিনি জানান।
সভায় বক্তারা বলেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন এলাকায় রাতের বেলায় পুলিশি টহল জোরদার এবং স্থানীয়ভাবে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সুজন