ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে এক বিস্তৃত পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। আলোচনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও অন্য দুই ব্যক্তি জানিয়েছেন, বর্তমানে খসড়া পর্যায়ে থাকা এই কৌশলের মূল লক্ষ্য থাকবে ইরানকে কোণঠাসা করতে আঞ্চলিক জোট গঠন এবং প্রতিবেশীদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদারে তাগিদ দেওয়া।
ট্রাম্প ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে তিনি মধ্যপ্রাচ্যের জন্য ‘আরও বড় কিছু’ করার পরিকল্পনা করছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মার্কিন সরকারের একাধিক সংস্থার কর্মকর্তারা যৌথভাবে এই কৌশল প্রণয়ন করছেন।