ঢাকাই শোবিজের পরিচিত মুখ গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর)রাতে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনের সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মুকুল জামিলের মৃত্যুর খবরটি জানিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এক শোকবার্তায় সংগঠনটি তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এবং মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানায়।
মুকুল জামিলের মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও কলাকুশলীও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন তার স্মৃতিচারণ করে জানান, মুকুল জামিলের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সংগীতের পাশাপাশি অভিনয়েও বিভিন্ন কাজে তাকে সঙ্গে পেয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। পরে বোনের অনুপ্রেরণায় সংগীতজগতে তার পথচলা শুরু হয়। ক্যারিয়ারে ৩০টির বেশি মিশ্র অ্যালবামে কাজ করার পাশাপাশি প্রকাশ করেছেন একক অ্যালবাম ‘আমি তো এমনই’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছিলেন মুকুল জামিল। বিভিন্ন সংগীতচিত্রের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনের অনেকেই হারালেন পরিচিত এক সহকর্মীকে।