চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মজনুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের নিজাম উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাই পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিতে সোমবার রাতে আলমডাঙ্গা বাস টার্মিনালে যান মজনু। ভাইকে বাসে তুলে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কে পড়ে থাকা পাথরে লেগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পিছলে যায়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিজাম উদ্দীন জানান, প্রায় এক মাস আগে কুষ্টিয়া জেলার ইবি থানার ধুলি শ্রীপুর গ্রামে পারিবারিকভাবে মজনুর বিয়ে হয়। ওই বিয়েতে ছোট ছেলে পলাশ ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews