পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও সবুজ আলম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলার সবুজ আলম  হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ থাকায় ভোর পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা ও আমেজ বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, এ সুযোগ ব্যবহার করে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে। এ খবরের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের একটি সাধারণ টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায়।

পুলিশের দাবি, সেখানে পুলিশ সদস্যদের উপস্থিত দেখে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এতে ওই দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ এক পুলিশ সদস্য আহত হন। 

তবে, স্থানীয়রা দাবি করেছেন রাতে প্রথমে মথুরাপুর থেকে সম্রাট নামে এক যুবককে গ্রেফতারের পর আবারও পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলা চালিয়ে ওসিসহ ২ পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews