চট্টগ্রামের ফটিকছড়িতে এক দুবাই প্রবাসী বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ঘরে অবরুদ্ধ হয়ে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৫টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আক্রান্ত পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ও মুখোশধারী সশস্ত্র দল দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে চড়াও হয়। প্রতিবেশীরা যেন তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেজন্য দুর্বৃত্তরা প্রথমেই আশপাশের ঘরগুলোর দরজা বাইরে থেকে অবরুদ্ধ করে দেয়।
পরে তারা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে প্রবাসীর পাকা বসতঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা প্রবাসীর মা রেনু আকতার ও প্রবাসীর স্ত্রী বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে প্রাণভয়ে ওই দুই নারী পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন এবং সেখান থেকেই কৌশলে ৯৯৯-এ কল করে পুলিশের জরুরি সহায়তা চান।
ভুক্তভোগী রেনু আকতার জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এমনকি তারা ঘরের ভেতরের ইটের দেয়ালও ভাঙচুর করে।
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভোররাতে ৯৯৯ থেকে বার্তা পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’