উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পাওয়া রিয়াল মাদ্রিদের শক্তি বাড়ল আরও। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগের স্কোয়াডে চোট কাটিয়ে ফিরলেন দলটির দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম এবং ডিফেন্ডার আলভারো কাররেয়াস।
সিটির মাঠ ইতিহাদে ম্যাচটি হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায়। এর আগের দিন দল ঘোষণা করেন রিয়াল মাদ্রিদ কোচ।
গত ডিসেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান এমবাপে। সেই চোটে নিয়মিত খেলার সুযোগ মিলছে না ফরাসি ফরোয়ার্ডের।
বেলিংহ্যামের হ্যামস্ট্রিংয়ে টান লাগে গত মাসের শুরুতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচে। তরুণ অ্যাটাকিং ইংলিশ মিডফিল্ডার প্রায় দেড় মাস স্কোয়াডে ফিরলেন।
পায়ের পেশিতে টান লাগার পয় কয়েক ম্যাচ মাঠের বাইরে ছিলেন কাররেয়াস। তাকেই ফিরে পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে ইউরোপিয়ান জায়ান্টরা।
প্রথম লেগে ৩-০ গোলে জিতে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে আছে রিয়াল।