ভিডিও খোঁজার প্রচলিত পদ্ধতি বদলে দিতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সুবিধা পরীক্ষা করছে ইউটিউব। ‘আস্ক ইউটিউব’ নামের এই ব্যবস্থায় ব্যবহারকারীরা শুধু শব্দ নয়, পুরো প্রশ্ন লিখে আরও বিস্তারিত ও নির্দিষ্ট তথ্য পেতে পারবেন।

গুগলের মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্মে নতুন সুবিধাটি এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এতে ব্যবহারকারীরা কোনো বিষয় জানতে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং উত্তরে লেখা তথ্যের সঙ্গে দীর্ঘ ভিডিও ও ছোট ভিডিও একসঙ্গে পাওয়া যাবে। প্রয়োজনে একই বিষয়ে আবারও প্রশ্ন করে আরও তথ্য জানা যাবে।

এই ব্যবস্থায় অনুসন্ধান ঘরে একটি নতুন বোতাম যুক্ত করা হয়েছে। সেখানে চাপ দিলে সম্ভাব্য প্রশ্নের তালিকা দেখা যাবে। কোনো প্রশ্ন না লিখেও ব্যবহারকারী একটি আলাদা পর্দায় প্রস্তাবিত বিষয় ও প্রশ্ন লেখার জায়গা দেখতে পাবেন।

উদাহরণ হিসেবে, কেউ যদি তিন দিনের ভ্রমণ পরিকল্পনা জানতে চান, তাহলে শুধু ভিডিওর তালিকা নয়, ধাপে ধাপে পুরো ভ্রমণ পরিকল্পনা পাওয়া যাবে। এতে পথে দেখার জায়গা, গুরুত্বপূর্ণ স্থান এবং স্থানীয় পরামর্শও যুক্ত থাকবে। পরে আবার কাছাকাছি ভালো খাবারের জায়গা কোথায়—এমন প্রশ্নও করা যাবে।

গুগল জানিয়েছে, এই সুবিধা প্রাসঙ্গিক ভিডিও ও ভিডিওর নির্দিষ্ট অংশ আলাদা করে দেখাবে, সঙ্গে চ্যানেলের তথ্যও দেবে। এতে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ বছরের বেশি বয়সী প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু আছে। ভবিষ্যতে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews