মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরের দিকে গেছে তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার। প্রণালী ও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী-এর নজরদারি ও নিয়ন্ত্রণের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

ট্যাংকারগুলোর নাম ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’। জাহাজ তিনটিই অপরিশোধিত ইরানি তেলে পূর্ণ ছিল। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলার-এর তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের খার্গ দ্বীপে গত ২ এপ্রিল ‘ডিপ সি’, ৮ এপ্রিল ‘সোনিয়া আই’ এবং ৯ এপ্রিল ‘দিওনা’-তে তেল লোড করা হয়।

গত ১৬ এপ্রিল একে একে তিনটি জাহাজই খার্গ দ্বীপ থেকে হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের দিকে রওনা হয়। তবে এসব জাহাজের গন্তব্য এখনো জানা যায়নি। ১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করল।

এর আগে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ১২ এপ্রিল হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্রের সেন্টকম। তাদের ঘোষণায় বলা হয়, অবরোধ চলাকালে কোনো বিদেশী জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইরানি জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান ইতোমধ্যে সম্ভাব্য সংলাপের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটেই হরমুজ প্রণালী অতিক্রম করল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার।

সূত্র: এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews