‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৩ জুন) সকালে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক পরিবারের হাতে কৃষ্ণচূড়া, আমড়া, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাসন্তী হেমরম। তিনি বলেন, এই গাছগুলো বড় হলে আমাদের পরিবার উপকৃত হবে। পাশাপাশি পরিবেশও সুন্দর ও সুরক্ষিত থাকবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহরিয়া হাসান, সহ-সভাপতি সাবির হোসেন, প্রদীপ রায় জিতু ও মোজাম্মেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য রিপন ইসলাম, রবি আকার, জান্নাতুন ফেরদৌসী, তামিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
একটি গাছ শুধু একটি চারা নয়, এটি আগামী দিনের নির্মল বাতাস, ছায়া, খাদ্য ও নিরাপদ পরিবেশের প্রতিশ্রুতি, আর সেই বার্তাই পৌঁছে দিতে বীরগঞ্জে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বিডি-প্রতিদিন/টিএ