সরকারি প্রাথমিকে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে ও হাম মুক্ত জনপদ গড়তে লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সেমিনারে শিশুদের স্বাস্থ্য সচেতনতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক।
দৈনিক কালেরকণ্ঠের লালমাই ও সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন আল ইসরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কুদ্দুস, লালমাই রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, ইভেন্ট সম্পাদক ইয়ামিন, অর্থ সম্পাদক সৈকত ও সদস্য শাহরিয়ার ইমন। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিশু শিক্ষার্থী উম্মে হানি।
সেমিনার শেষে বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সেক্রেটারী কাজী ইয়াকুব আলী নিমেলের বাবা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কাজী ইকবাল হোসেন কাজলের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সেমিনারে উপস্থিত শিশু শিক্ষার্থীরা অঙ্গীকার করে বলেন, তারা ভবিষ্যতে ফুটপাথের কোন খাবার খাবেন না। অস্বাস্থ্যকর সব খাবার পরিহার করবেন। নিয়মিত হাত পায়ের নখ ও চুল ছোট রাখবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশন নিশ্চিত করে হাম টিকা গ্রহণ নিশ্চিত করবেন।
লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, টিফিনের খাবারের নামে অস্বাস্থ্যকর খাবারে বাজার সয়লাব। তুলনামূলক মূল্য কম হওয়ায় শিশুরা এসব খাবারে ঝুঁকছে। এসব খাবার খেয়ে শিশুরা পেটের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সেমিনারে হাম-এর লক্ষণ ও চিকিৎসা নিয়ে শিশুদের সচেতন করতে পেরেছি। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের টিকা ক্যাম্পেইন চলবে।সেমিনারের আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি।
বিডি-প্রতিদিন/টিএ