আইপিএলের নতুন আসর শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস। দলের অভিজ্ঞ কিপার-ব্যাটার মাহেন্দ্র সিং ধোনি চোটের কারণে শুরুতেই মাঠে নামতে পারছেন না।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংস জানায়, পায়ের পেশিতে চোট পাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। চেন্নাই তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এরপর প্রথম দুই সপ্তাহে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

গত আসরে চেন্নাইয়ের হয়ে সবকটি ম্যাচেই খেলেছিলেন ধোনি। তবে বেশির ভাগ সময়ই ব্যাট হাতে নামতেন নিচের দিকে।

ধোনির অনুপস্থিতিতে দলের উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যেতে পারে সদ্য দলে যোগ দেওয়া সাঞ্জু স্যামসনকে। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন আক্রমণাত্মক ব্যাটার উর্ভিল প্যাটেল। দলে আছেন তরুণ কিপার-ব্যাটার কার্তিক শর্মাও, তিনি এবারের নিলামে বড় অঙ্কে দলে ভিড়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে তার মারকুটে ব্যাটিংয়ের জন্য ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।

এর আগে আরও একটি ধাক্কা খেয়েছে চেন্নাই। অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে।

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews