কুমিল্লা, ১৩ সেপ্টেম্বর – একটি দল ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে সাধারণ মানুষের ঘরবাড়ি ও গাছপালা জ্বালিয়ে দেয় বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এ ধরনের দল বেহেশতের টিকিট বিক্রি করে এবং বর্বরদের পক্ষে অবস্থান নেয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা সোনাপুর গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারের মাঝে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই আন্দোলনে হাজারো ছাত্র-জনতার রক্তের গঙ্গা বয়ে যাওয়ার পর ওই রাজনৈতিক দলটি (জামায়াতে ইসলামী) বলে—”আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি।” এর মাধ্যমে তাদের গণতন্ত্র বিনাশকারী ও বর্বরদের পক্ষ নেওয়ার ইতিহাস প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, দলটি ধর্মের নামে নোংরা রাজনীতি করে, মানুষের ঘরবাড়ি ধ্বংস করে এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে।

তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বিরোধী দলে থাকাকলেও মানুষের পাশে ছিল, এখনো আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে ‘আমরা জিয়া পরিবার’ ও ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন।

গত ৪ এপ্রিল ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে পাঁচটি পরিবারের বসতঘরে আগুন দেওয়া হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি নতুন ঘর নির্মাণের নির্দেশ দেন। রোববার আনুষ্ঠানিকভাবে তিনটি পরিবারের কাছে নতুন ঘরের চাবি ও ছাগল হস্তান্তর করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “যেখানে মানবতা, সামাজিক সুরক্ষা এবং মানুষের কল্যাণ—সেখানেই বিএনপি ও তারেক রহমান। কিন্তু যারা ধর্মের নামে ধ্বংসাত্মক কাজ করে, জনগণ তাদের আসল রূপ চিনে ফেলেছে।”

রাজনৈতিক উত্তাপের মধ্যে রিজভীর এই মন্তব্য এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews