বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ গুলিতে নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী বুদ্ধদেব বেরা।

বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে থেকেই তাঁর গাড়িকে অনুসরণ করা হচ্ছিল। এক পর্যায়ে দুষ্কৃতীরা গাড়ির কাছে পৌঁছে চার রাউন্ড গুলি ছোড়ে।

গুলিতে গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ এবং তাঁর সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা। ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। আহত বুদ্ধদেবের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বসবাস করছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী-এর নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। একই দলের সদস্য হিসেবে তাঁর সঙ্গে আহত বুদ্ধদেব বেরাও ওই টিমে কাজ করতেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

এ হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews