২২ গজের বোলারদের শাসন করতে দেখা গেছে বহুবার, হাজারো চাপের মুখে ব্যাটিং করে জিতিয়েছেন বাংলাদেশকে। জাতীয় দলের সাবেক সফল ক্রিকেটার ও দেশসেরা ওপেনার চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল গতকাল জীবনে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। বেলা ১১টার দিকে তিনি আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন। তামিম ইকবাল চট্টগ্রাম-৯ নগরীর কেন্দ্রীয় আসনের (কোতোয়ালি ও বাকলিয়া থানা) ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হাসিমুখে ভোট জীবনে প্রথমবারের মতো তামিম ইকবাল ভোট দিতে পেরে ছিলেন বেশ আনন্দিত। তিনি বলেন, সত্যি বলতে ভোটের পরিবেশটা বেশ ভালো লাগছে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব স্বস্তিবোধ করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানান, তার পরিবারের সবাই ভোট দিতে গেছেন। ভোটের পরিবেশ এবার বেশ ভালো। খ্যাতনামা ক্রিকেটার তামিম ইকবাল লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিতে আসা মাত্রই উৎসুক জনতার ভিড় জমে ওঠে। সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পর্যাপ্ত পাহারা দিতে দেখা গেছে। তামিম ইকবালের মতো অনেকে এবারই জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিগত সময়ে দীর্ঘ ১৫/১৬ বছরে তিন তিনটি সংসদ নির্বাচনের নামে ভোটারবিহীন নির্বাচন, হামি-ডামির নির্বাচন এবং শেষ রাতের নির্বাচনী প্রহসনে ভোটাররা ভোট দিতে পারেননি।
এছাড়া জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও নিজ এলাকায় ভোট দিয়েছেন। পারিবারিক আবহে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ফেনীতে ভোট দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা শেয়ার করে তিনি লিখেছেন, ‘অবশেষে ভোট দিলাম যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।’ এদিকে অদম্য টি টোয়েন্টি কাপে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে সেই চোট তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারেনি। গতকাল হাতে ব্যান্ডেজ নিয়েই ভোটকেন্দ্রে হাজির হয়ে জীবনের প্রথম ভোটটি দিয়েছেন এই তরুণ ওপেনার।