ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়াল মতবিনিময় বা সংবাদ সম্মেলন করার ঘটনায় বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত ছিল সরকারের।
আজ শুক্রবার বিকেলে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শিরোনামে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম, দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। এটা যে হঠাৎ করে হয়ে গেছে, এ রকম নয়। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা এবং কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি এটা করার সুযোগ পাচ্ছে।’