টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ৭০০ উইকেটের অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আরফানকে ফিরিয়ে এই মাইলফলকে নাম লেখান আফগান তারকা।
এদিন নামের পাশে ৬৯৯ উইকেট নিয়ে খেলতে নামেন রশিদ। সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হতেই তিনি এই কীর্তি গড়েন। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন আফগানিস্তান অধিনায়ক। ওই ম্যাচে আরও ৩.২ ওভার বল করে সাফল্য পাননি। আরফানকে আউট করার আগে এই ২০ বলে ১৭ রান দেন তিনি। রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন আমিরাত ব্যাটার।
মাইলফলক ছোঁয়া উইকেট নিয়েও উদযাপন করতে দেখা যায়নি রশিদকে। তার দলকে সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে এবং অন্যদের ফলের দিকে তাকাতে হবে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পরে কেবল সুনীল নারিন, তার উইকেট ৬১৩।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায়ও রশিদ শীর্ষে। আফগানিস্তানের হয়ে ১৯১ উইকেট নিয়েছেন তিনি এই ফরম্যাটে। এই তালিকায় তার পরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।
বিডি প্রতিদিন/কামাল