রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের গুণী অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে মেট্রোরেলের ১ নম্বর ডিপোর রাস্তায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বিকালে দিয়াবাড়ি এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার উপন্যাসের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। উপন্যাস গাড়ি থেকে নেমে এর প্রতিবাদ করলে ওই প্রাইভেটকার থেকে দুই ব্যক্তি নেমে তাকে রাস্তায় বেধড়ক মারধর শুরু করে। হামলায় উপন্যাস রক্তাক্ত হন। মারধর শেষে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিস্তারিত জানান মনিরা মিঠু। অভিনেত্রী জানান, ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ এই মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেছেন। পরবর্তীতে আরেকটি পোস্টে এক ব্যক্তির ছবি প্রকাশ করে মনিরা মিঠু লিখেন, এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি এবং অভিযুক্ত গাড়িটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।