দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিভিন্ন এলাকায় পৃথক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
খবরে বলা হয়, মঙ্গলবার (৯ জুন) ভোরে আদশিত শহরে একটি পোলট্রি খামারে চালানো বিমান হামলায় খামার মালিক ইমাদ আহমদ ইয়াসিন নিহত হন। এছাড়া হাব্বুশ শহরের আল-শরিফা এলাকায় নিজ বাড়ির সামনে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী ওসামা হাসান আল-খালেদ নিহত হয়।
এদিকে ভোরে কফার রুম্মান শহরের আল-মারজ এলাকায় ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।
একই সময়ে নাবাতিয়েহ শহর, কফার সির এবং কফার সির ও সির আল-গারবিয়া এলাকার মধ্যবর্তী স্থানে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। এছাড়া জেবশিত শহরে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের মানসুরি ও মাজদাল জুন শহরের উপকণ্ঠেও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও লেবানন সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। এ অবস্থায় নতুন করে হামলার ঘটনায় অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সূত্র : আল জাজিরা