ওয়াশিংটনে হোটেলে গোলাগুলির ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। আরেকটি বড় ধরনের নিরাপত্তা–সম্পর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকার মাত্র কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি কল্পনাও করতে পারি না যে এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা আছে।’
সিক্রেট সার্ভিসের একটি বড়সড় দল প্রেসিডেন্টকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিতে পরিণত করলেও, তাঁকে নিরাপদ রাখার কাজটা সহজ হচ্ছে না।
প্রথমে ২০২৪ সালের গ্রীষ্মে পেনসিলভানিয়ার বাটলারের ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছিল। ওই সময় একটি বুলেট তাঁর কান স্পর্শ করে চলে যায়। এর ঠিক ৬৪ দিন পর ফ্লোরিডার গলফ কোর্সে খেলার সময় তিনি আবারও এক সম্ভাব্য আততায়ীর লক্ষ্যবস্তু হন।