বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুরে অনুষ্ঠিত এই সভার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান অধিনায়কদের মেয়াদ বৃদ্ধি এবং জাতীয় দলের কোচিং প্যানেলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে অন্তর্ভুক্ত করা। তবে এসব ছাপিয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সভার পর বিসিবির চার পরিচালক ফাইয়াজুর রহমান, মেহরাব আলম চৌধুরী, শানিয়ান তানিম ও মঞ্জুর আলম পদত্যাগ করেছেন। ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে সাতজন সরে দাঁড়ালেন।
সভার মূল সিদ্ধান্তগুলো নি¤েœ দেওয়া হলো
ওয়ানডে অধিনায়কত্ব : মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব : লিটন দাসের অধিনায়কত্বের মেয়াদ গত মার্চ মাসে শেষ হয়েছে। তবে তিনি আগামী ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সহ-অধিনায়ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের মেয়াদও একইভাবে বৃদ্ধি করা হয়েছে।
কোচ নিয়োগ : বাংলাদেশের সাবেক স্পিনার রফিককে এক বছরের জন্য জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পেনশন স্কিম : খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য একটি পেনশন স্কিম চালু করতে যাচ্ছে বিসিবি। এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করার জন্য একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।
আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট : একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি অ্যাওয়ার্ড নাইট : খেলোয়াড় ও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে বিসিবি আবারও ‘অ্যাওয়ার্ড নাইট’ বা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চালু করবে।