বগুড়ার শেরপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু সুফিয়ান আম্মার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু স্বাধীন (১৭) গুরুতর আহত হয়েছে। আহত স্বাধীনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান আম্মার উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আবু সুফিয়ান ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রণবীরবালা এলাকায় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সেটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুই আরোহীই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সালমান রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, পিকআপটি ইন্ডিকেটর জ্বালিয়ে ইউটার্ন নিচ্ছিল। কিন্তু মোটরসাইকেলটির গতি অতিরিক্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি এবং পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনি প্রক্রিয়া শেষে নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews