অবশেষে অপেক্ষার অবসান হলো। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ এবং ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। আগামী চার থেকে সতেরো নভেম্বর বাংলাদেশের ঢাকায় বসছে এই টুর্নামেন্ট।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রতীক্ষিত ফুটবল আসরগুলোর একটি হিসেবে ইতিমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) এই টুর্নামেন্ট। এতে সাফের সব সদস্য দেশেরই অংশগ্রহণ করার কথা রয়েছে।

টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে আসরের অফিশিয়াল লোগো উন্মোচন অনুষ্ঠান। এছাড়া আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অফিশিয়াল ড্র।

সাফের মহাসচিব পুরুষোত্তম কাটেল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ এবং ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বছরের পর বছর ধরে পুরো অঞ্চলের ফুটবলপ্রেমীদের জন্য এই আসর অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার ঠিক পরপরই এই ঘোষণা আসাটা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর সময়। বাংলাদেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষাপটে আয়োজক হিসেবে বাংলাদেশের নিশ্চিত হওয়াটা বিশেষভাবে উত্তেজনাপূর্ণ। খেলোয়াড় ও দর্শক উভয়ের মনেই দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে এমন একটি বড় এবং সফল আসর উপহার দেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছি আমরা।’

কাটেল বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ এবং মাসজুড়ে চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত নানা কার্যক্রম, তথ্য এবং অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। এই স্মরণীয় আসরের কাউন্টডাউন শুরু হতে যাওয়ার এই মুহূর্তে আমাদের এই উচ্ছ্বাসের সঙ্গী হবেন আমাদের ভক্তরা, এমনটাই আন্তরিকভাবে আশা করছি।’

২০২৬ সালের এই আসরটি হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশে ফিরছে দক্ষিণ এশিয়ার এই প্রধান ফুটবল আসরটি, যা এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews