জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের নতুন নাটক ‘পথের সাথীকে চিনে নিও’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেললেও গল্পে বিসিএস ক্যাডার ও সরকারি চাকরি নিয়ে একাধিক ভুল তথ্য দেখানোয় সমালোচনার মুখে পড়েছে। ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর নাটকটি ইতোমধ্যে ৫১ লাখের বেশি দর্শক দেখেছেন।



নাটকটিতে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন মইন খান চরিত্রে। গল্পে দেখা যায়, দরিদ্র পরিবারের এই তরুণ বিসিএস ক্যাডার হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। কিন্তু চাকরিতে যোগদানের প্রথম দিনেই তাকে ইউএনও হিসেবে দায়িত্ব নিতে দেখা যাওয়ায় প্রশ্ন তুলেছেন সচেতন দর্শকেরা।



দর্শকদের অভিযোগ, প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর সরাসরি ইউএনও হওয়া যায় না। পাশাপাশি নাটকে মইনের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা নিয়েও আপত্তি জানিয়েছেন অনেকে। নাটকের একটি নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।



এসব ভুল তথ্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন দর্শকেরা। অনেকেই নাটক নির্মাণের আগে সরকারি চাকরির কাঠামো ও পদগুলোর বিষয়ে আরও ভালোভাবে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। মুশফিক আর ফারহানের সঙ্গে এতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অনেকে। নাটকের সংগীত পরিচালনা করেছেন সালাম জিম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews