লিগ পর্বে মুখোমুখি হবে ৩৬ দল; ইংল্যান্ড থেকে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। মোনাকোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ড্র অনুষ্ঠান। এবারের লিগ পর্বে অংশ নেবে মোট ৩৬টি দল। এর মধ্যে ২৯টি দল সরাসরি জায়গা নিশ্চিত করেছে, আর বাকি সাতটি দল প্লে-অফ পর্ব থেকে উঠে আসবে।

ইংল্যান্ড থেকে লিগ পর্বে সরাসরি জায়গা পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল। স্পেনের প্রতিনিধিত্ব করবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস। জার্মানি থেকে আছে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ ও ভিএফবি স্টুটগার্ট। ইতালির চার দল ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমোও সরাসরি লিগ পর্বে খেলবে।

ফ্রান্স থেকে জায়গা নিশ্চিত করেছে পিএসজি, লঁস ও লিল। পর্তুগালের এফসি পোর্তো ও স্পোর্টিং লিসবন, নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন ও ফেইনুর্দ, বেলজিয়ামের ক্লাব ব্রুগে, তুরস্কের গালাতাসারায়, চেকিয়ার স্লাভিয়া প্রাগ এবং ইউক্রেনের শাখতার দোনেৎস্কও রয়েছে সরাসরি তালিকায়।

তবে ড্রয়ের আগে সাতটি জায়গা এখনো চূড়ান্ত হয়নি। প্লে-অফের দ্বিতীয় লেগের ফলের ওপর নির্ভর করবে শেষ সাত দল। সাবাহ–হাপোয়েল বেয়ার শেভা, লাস্ক–সেল্টিক, বোদো/গ্লিম্ট–এনইসি, এএইকে এথেন্স–লেভস্কি সোফিয়া, ভাইকিং–দিনামো জাগরেব, সেলিয়ে–স্লোভান ব্রাতিস্লাভা এবং লিওঁ–ফেনেরবাহচে—এই সাত জোড়ার বিজয়ীরা লিগ পর্বে জায়গা করে নেবে।

নতুন ফরম্যাটে ৩৬ দলকে একটি একক লিগ টেবিলে রাখা হবে। প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ—চারটি ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে। টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ, আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো ইউরোপীয় প্রতিযোগিতা থেকেই ছিটকে যাবে। লিগ পর্বের ম্যাচ শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।

২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগ লিগ পর্বে নিশ্চিত দলগুলো:

ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল
স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস
জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, ভিএফবি স্টুটগার্ট
ইতালি: ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো
ফ্রান্স: পিএসজি, লঁস, লিল
পর্তুগাল: এফসি পোর্তো, স্পোর্টিং লিসবন
নেদারল্যান্ডস: পিএসভি আইন্দহোভেন, ফেইনুর্দ
বেলজিয়াম: ক্লাব ব্রুগে
তুরস্ক: গালাতাসারায়
চেকিয়া: স্লাভিয়া প্রাগ
ইউক্রেন: শাখতার দোনেৎস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews