মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউডের অভিনেতা ও মডেল রুহুল্লাহ মেহদি। শাহিদ কাপুর অভিনীত সিনেমা ‘দেবা’-তে কাজ করা এই অভিনেতাকে মহারাষ্ট্রের কাশিমিরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ২৮ গ্রাম মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মেহদির মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পায় কাশিমিরা পুলিশ। পুলিশ জানতে পারে, মাদক সরবরাহের উদ্দেশ্যে দহিসার চেক নাকায় আসবেন তিনি।
পরে কাশিমিরা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র কাম্বলের নেতৃত্বে একটি দল সেখানে নজরদারি শুরু করে। একপর্যায়ে মেহদি ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৮ গ্রাম মাদক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর মেহদিকে আদালতে হাজির করা হলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং মেহদি কার কার কাছে মাদক সরবরাহ করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
জম্মু ও কাশ্মীরের বুডগাম জেলার বাসিন্দা রুহুল্লাহ মেহদি বর্তমানে মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় বসবাস করেন। রায় কাপুর ফিল্মসের ব্যানারে নির্মিত ‘দেবা’ সিনেমায় শাহিদ কাপুর, পূজা হেগড়ে ও পাভেল গুলাটির সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির পাশাপাশি কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে মেহদিকে।